ফুলদানিটা নেওয়া হয়েছিল নিউ মার্কেট থেকে।
হয়তো উইকেন্ড হবে, মনে নেই এখন -
বড়ো শোরুম থেকে নয়, ফুটপাথ থেকে।
স্বচ্ছ কাঁচের দেহ, শুরু গলা, উর্বর নকশি কাটা -
এক যৌবনে পা রাখা রমণীর ন্যায় তার বিন্যাস।
দেখে মনে হতো খুব দামি একটি ফুলদানি,
যেমন বহুল অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা পরিবারের -
সন্তানদের দেখলে মনে হয় ।
আকর্ষণ করার ক্ষমতা কখনো শ্রেণীভিত্তিক তো নয়!
ভীড়ের মাঝে চলতে গিয়ে, তোমার চোখ পড়েছিল -
এই ফুলদানিতে, যেমন আমাদের প্রথম দেখা হয় -
কলেজের সোশ্যাল প্রোগ্রামে স্টেজের এক কোণে।
ফুলদানিতে রয়ে গেছে তোমার ভালোলাগার আবেশ।
সেন্টার টেবিলের এই ফুলদানিতে, আজও রয়েছে -
তোমার ঘ্রাণের আমেজ, উষ্ণ নিঃশ্বাসের ভাপ বা -
হয়তো পাওয়া যেতে পারে শুকনো লিপস্টিকের দাগ।
লাইট রোজ রংটা ছিল তোমার খুব প্রিয়!
এখনো ... কিছুদিন পর পর রকমারি ফুলের তোড়া -
বানিয়ে আনি, একইভাবে সাজিয়ে নিয়ে দু'পা পিছিয়ে -
দেখি, যেমন তুমি দেখতে। তোমারি মতন কাছেই এসে -
একটা গভীর ঘ্রান নিয়ে মনে হয় আগের ব্যাপারটা নেই।
তোমার সাথে সাথে কিছু সুক্ষ অনুভূতির কোমল -
কণাগুলিও বিদায় নিয়েছে চিরতরে!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment