পৃথিবী দেখিয়েছে নিজের মেটামরফসিস দিয়ে -
সবই পরিবর্তনশীল নিজের রূপ পরিবর্তনে।
আকাশ ছোঁয়া এভারেস্টের জানা উচিত যে তার -
থেকেও বৃহৎ আকারের পর্বত প্রশান্ত মহাসাগরের -
গর্ভ থেকে উঠে এসেছে। দৃশ্যমান ক্ষুদ্র আকার -
আপেক্ষিক ও হতে পারে, এটা সর্বকালের শিক্ষা।
মন ও মস্তিষ্ক সীমাহীন ক্ষমতার অধিকারী।
এ্যামাজনের পরিপূর্ণতা, তার জন্মকাল থেকেই -
সাহারার তপ্ত বালিকণার ওপর নির্ভরশীল।
বালুকার কাছে এ্যামাজন শুনতেও চায়নি কখনো -
সাহারার নিজেকে তিলে তিলে রিক্ত করার কবিতা।
সব মানুষেরই প্রয়োজন, নিজের নশ্বরাকার -
ধরে রাখার জন্য একটি নিরাকার মন।
অসংখ্য এ্যামাজনের অস্তিত্ব নির্ভর করে,
বহু দূর অবস্থিত, অদৃশ্যতুল্য সাহারার ওপর।
কেই বা খবর রাখে, কার কি বা যায় আসে!
ব্রাজিলের আদ্রতায় লালিত ঘন জঙ্গলের -
ভরা সংসার কখনোই দেবে না সামাজিক -
স্বীকৃতি সাহারার নিজেকে উজাড় করে -
বিকিয়ে দেওয়ার গল্পকথা।
বিড়ম্বনা এই যে, মরূদ্যানের অস্তিত্ব মরুগর্ভে,
কিন্তু সেটা কখনোই মরুর তৃষ্ণা মেটায় না।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment