Thursday, February 19, 2026

সত্তার দুর্গ

যা গড়েছিলাম আমি, অটল বিশ্বাসে -

তা ভাঙতেই পারতাম, এক নিঃশ্বাসে।

সত্তার প্রতিচ্ছবি, আমার এই দুর্গখানি -

ধীরে ধীরে ভাঙবে, সেও আমি জানি।


থরে থরে সাজানো সব, মনেরই কথা -

বন্দী সেখানে আজও, এক দল ব্যাথা।

হাসির প্রলেপে, ওই দেওয়াল রাঙানো -

অতন্ত প্রহরী ‘বিবেক', চিরতরে জাগানো।


আকাঙ্খা রয়েছে ভিতর, ওই অন্দরমহলে -

ছলনার পর্দায় ঢাকা, নেই কারুর দখলে।

দুর্গটা অনেক বড়ো, জীবনের মতো -

গুনিনি কখনো, খালি ঘর আছে যতো।


সচেতন চিন্তা সব, রাতে প্রহরায় থাকে -

কপটতার তীর তাও, বক্র পথ আঁকে

আমার সত্তা, মর্যাদার মুকুট মাথায় বাঁচে

অশরীরী ছল-চাতুরী, মত্ত হয়ে নাচে।


মনের বয়স হলে, প্রহরীরা ছেড়ে যাবে -

বন্ধ মনের ঘরগুলো, তেমনি পরে রবে।

কালের ঝরে একদিন, পর্দা যাবে উড়ে -

নিষ্পাপ বন্দীগুলো, ফিরবে যে যার ঘরে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment