উড়ালপুলের নিচে, রেলগেটের পাশে -
এমনি ওরা বাঁচে, ধুলো মিশ্রিত শ্বাসে।
অর্ধনগ্ন দেহ, ভিক্ষায় দু’হাত বাড়ানো -
দেখে না কেহ, তপ্ত পাথরে দাঁড়ানো।
মানেনি হার, রোজ একটি যুদ্ধ লড়ছে -
একি সংসার, রোজ একটু করে মরছে।
মানুষের গালি, এভাবেই হয় পথ চলতে -
পেট খালি, মুখ থেকেও পারে না বলতে।
পুজোয় সজ্জিত, চারিদিক আলোর বাহার -
সমাজ লজ্জিত, নেইতো দু’মুঠো আহার।
পেট জ্বলছে, কতদিন এই নিয়মিত জ্বলন?
বিবেক বলছে, থামাও এই অনশন পালন।
হিসেবে নেই, আপাতত গোনাগুন্তির বাইরে?
ভোটের শুরুতেই, 'সকলে আমার ভাইরে'।
কেন হবে, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি?
ধিক্কার তবে, এই শিক্ষিত সমাজের ত্রুটি।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment