সত্যি বলছি, "আমি খুবই ভালো আছি" -
রাজবার্তায় চারিদিকে, উড়ছে মশা মাছি।
নত মাথা, আবজানো চোখ, ভাবছ সারাক্ষণ -
আসবে এখানে কবে, সোনালী পরিবর্তন!
সত্যি বলছি, "আমি খুবই ভালো আছি" -
গিরিগিটিরা রঙ বদলায়, আমার কাছাকাছি।
মেরুদন্ড আছে একটি, পিঠের সাথে লাগানো -
বহু বছর কোমায় সে, কষ্ট তাকে জাগানো!
সত্যি বলছি, "আমি খুবই ভালো আছি" -
ক্ষিদের জ্বালায় জানিনা, কবে সত্তা খুইয়েছি ।
দৃষ্টি থাকতেও, আমি অনেকটা কাল অন্ধ -
বিবেক থেকে যেন, কেমন পচনের গন্ধ !
সত্যি বলছি, "আমি খুবই ভালো আছি" -
দিনদুপুরে চলছে দেখি, জম্বি’র নাচানাচি।
রক্ত ঢাকে না সাদাতে, মানুষের এইতো হাল -
হাড়-মাংসের বজরা, চামড়ার তৈরী পাল!
সত্যি বলছি, "আমি খুবই ভালো আছি" -
রাজসভায় তর্ক হয়, যেমন চলে কাঁচি।
লাল গঙ্গায় ভেসে ওঠে, পচা গলা লাশ -
বন্ধ হল বিদ্রোহী মুখ, কথা হলোনা ফাঁস!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment