Wednesday, February 11, 2026

মহলে জঙ্গল

স্বর্গের খিড়কি দিয়ে, দেখছ কি নরকের দৃশ্য?

অবিরল দৃষ্টান্ত গড়েছে, সাক্ষী আছে সারা বিশ্ব।

পশুরা এলো রাজপ্রাসাদে, রাজা গেল জঙ্গলে,

শেয়াল রাজা’র পেয়াদাদের এখন সবটাই দখলে।


বুড়ো সিংহের বাঁকা মেরুদণ্ড, নিরীহ প্রাণীর খালি হাত -

বাঘ চুপ হয়ে আছে, এখন শুধু সাপেদের উৎপাত।

সিংহ হরিণ শিকার করেও, পায়নি নিজের ভাগ -

লঙ্ঘিত নিয়ম জেনেও, চুপ রয়েছে এখনো বাঘ।


খড়গের ভুলেছে ব্যবহার, আজকালের গণ্ডারে,

বাঁদর এসে চেঁচিয়ে বলে, 'কিছু নেই আর ভাণ্ডারে'।

হাতি, কুমির, জিরাফ মিলে দল বানিয়ে এসে - 

হলো সোচ্চার, দিলো ধিক্কার, না পেরে অবশেষে।


শেয়াল নিজের পেয়াদাদের, কখনো করেনি রুষ্ট,

সিংহের ভাগ ছিনিয়ে, বাঁদরদের করেছে তুষ্ট।

উত্তর থেকে নেমে, বললো স্বাধীন নেকড়ের দল,

'ঘিড়বো এবার রাজপ্রাসাদ, আমাদের সাথে চল'।


ভীত শেয়াল, চিন্তিত বাঁদর, মুঠো গেছে খুলে,

জঙ্গলে আগুন, বেড়েছে দ্বিগুন, যায়নি কেউ ভুলে।

নরক থেকে দেখবে আবার, স্বর্গের এক দৃশ্য,

বিপ্লব এসেছে বারংবার, সাক্ষী রয়েছে বিশ্ব।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 

No comments:

Post a Comment