বাগান বাড়িতে রোশনাই, জোনাকিরা আজ লুপ্ত।
যেই মেয়েকে দিনের বেলায়, তুমি অচ্ছুত বলে মানো,
তাহলে কেন লেঠেল দিয়ে, তাকেই তুলে আনো?
ক্ষিদে আছে যার পেটে, সেই খোরাক হলো তোমার?
সমাজের মাঝে দূরে থেকেছ, বলেছ ওরা চামার!
দিন দুপুরে তোমার হতো ভয়, ছায়া চাওনি মাড়াতে!
পারলে কি করে, ওই কালো, ডাগর দেহে হারাতে?
আতর সুবাসে, বহুল বিলাসে, বাহারি সাজসজ্জা -
শুনে বোবার কান্না, তমস্বিনী রাত্রি পেয়েছে লজ্জা!
নিভিয়ে লণ্ঠন, লুণ্ঠিত হয়, ঠুকরে নিয়েছ মাংস -
অমাবস্যায় আজও আছে, সমাজের এক অংশ।
তিলে তিলে নিভেছে শিখা, আত্মা হয়েছে ক্ষত,
লালসার তাপে নিংড়ে নিয়েছো, সরলতা ছিল যত।
একই ঘরে ডাকাতি, তুমি চালিয়েছ বারংবার,
নিয়েছ নতুন ফুলের ঘ্রাণ, দিনটা করেছো পার।
খেলনা ভেবে, খেলেছো তুমি, নিয়ে অচ্ছুতের মেয়ে,
গর্ব হয় কি তোমার মেয়ে'র, এক এমন বাবা পেয়ে?
অধিকার ভেবে, করেছ সংহার, পূজার ফুল ছিড়ে,
পাপের ঘড়া পূর্ণ হলে, কালের চক্র আসবে ফিরে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment