ছিল নিষেধ, ছিল বিরোধ, ছিল প্রতিবাদ তাই।
এতদিন পর তাহলে কেন, কোষাগার খালি পাই?
ছিল ভরসা, ছিল বিশ্বাস, ছিল আশ্বাস কত।
এতকাল পর তাহলে কেন, স্বপ্ন আমার হত?
হলো প্রকট, ছেলে বিকট, তার উইপোকার সৈন্য।
এতদিন পর তাহলে কেন, সোনার বাংলা দৈন্য?
সাদা কাপড়, মারলে চাপড়, জিন বেরিয়ে এলো।
এতকাল পর তাহলে কেন, রাজ্য নিপাট গেলো?
আইন মেরে, গায়ের জোরে, বিদ্রোহীর মুখ বন্ধ।
এতদিন পর তাহলে কেন, বাংলায় পচা গন্ধ?
ভেঙে শিক্ষা, দিলে দীক্ষা, অনুগত সব তোমার।
এতকাল পর তাহলে কেন, কৃষকের শুন্য খামার?
পথটি শুরু, হারালো গরু, সীমানার তার ছেঁড়া।
এতদিন পর তাহলে কেন, ওদের হল না ফেরা?
মুখ ঘুরিয়ে, চোখ ফিরিয়ে, তুমি করেছ অভিনয়।
এতকাল পর তাহলে কেন, মুখোশ খুলতে ভয়?
ভাতা দিয়ে, ভাণ্ডার দিয়ে, আগামীকে করেছ নাশ।
এতদিন পর তাহলে কেন, মেয়েদের জীবনে ত্রাস?
খুকি সোনা, খুব আনমনা, হিং টিং ছট বলছে।
এতকাল পর তাহলে কেন, আমার বাংলা জ্বলছে?
সমাজে শোষণ, দুয়ারে রেশন, চাকরি উধাও হলো।
এতদিন পর তাহলে কেন, বহু সংসার এলোমেলো?
গুন্ডা পোষা, তোমারই নেশা, আঁচ লেগেছে গাত্রে।
এতকাল পর তাহলে কেন, দেখতে পাওনা রাত্রে?
নামাও রাজা, বলেছে প্রজা, নীতি ভিন্ন ছিল যখন।
এতকাল পর তাহলে কেন, আবার হবেনা এমন?
বিক্ষোভে এবার, উপচে জোয়ার, উত্থান একসঙ্গে।
এতদিন পর তাহলে কেন, বদলাবেনা রঙ বঙ্গে?
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment