ছবিটা আমার মনের খুবই কাছে।
ধরা আছে তাতে, বিস্তর নীল আকাশ,
পাতা ঝরা গাছের, এক হিমেল আভাস।
ছবিটিতে আমার, এক কবিতা লেখা আছে,
শেষের সময় যেন, এক সঙ্গী বসে কাছে।
ঝরা পাতা’র সময়, পেরিয়ে শীত পোহালে,
জানি সবুজের ছটা, আসবে গাছের ডালে।
আজও আমার, নীল আকাশ ভালো লাগে,
স্মৃতি বেঁধেছিলাম ছবিতে, দু’দশক আগে।
যদি পড়ে ধুলো, আকাশ থাকে না নীল,
মুছলে ফিরে পাই, কৈশোরের ‘সেই ফীল’!
ঠাণ্ডার শুষ্কতা জড়িয়ে, গাছের মনে প্রাণে,
হাওয়া বলে যায়, তার গল্প কানে কানে।
বহমান নদী, পাহাড়কে বলেছে কতবার,
‘দাওনা তোমার, একটু সবুজের উপহার’।
ছবিতে কবিতা, গাছকে মনে করিয়ে বলে,
‘ভালো বা খারাপ সময়, সমান নাহি চলে।
হরিৎ অতিথিরা শাখায়, আসবে নতুন সাজে,
অতি সমাদরে সুন্দর হবে, বৈশাখের মাঝে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment