Sunday, February 8, 2026

ক্ষতি কি?

স্মৃতির ফুলদানি থেকে বিস্মৃত পাঁপড়ি পড়েছে ঝরে।

পড়ুক না, ক্ষতি কি?

স্মৃতির পাতায় লেখাগুলো হয়েছে অনেকটা আবছা। 

হোক না, ক্ষতি কি?


সেই পাপড়িগুলো সযত্নে রেখেছি আবছা লেখার সাথে।  

একসাথেইতো আছে, ক্ষতি কি?


মেঝেতে আঁকা আলপনার ছবিগুলো গ্যালারিতে নেই।

যাক না, ক্ষতি কি?

ড্রয়ারে চুলের ক্লিপগুলো কাগজের পেছনে পড়ে আছে।

থাক না, ক্ষতি কি?


আলপনা আছে মনে, ক্লিপগুলো রাবার ব্যান্ড দিয়ে বাঁধা।

আগলেইতো রেখেছি, ক্ষতি কি?


দুর্গম পথে অনেকটা সময় ধরে হলো একাকী চলাচল।

চলি না, ক্ষতি কি?

স্মৃতির শিশির জীবনের তপ্ত দুপুরের আগেই গেলো উবে।

যাক না, ক্ষতি কি?


একলা চলছি মুঠোবন্দী স্মৃতির শিশিরকনা নিয়ে তপ্ত পথে।

যত্নেইতো রেখেছি, ক্ষতি কি?


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment