Monday, March 30, 2026

বিচিত্র মেরুদন্ড

কি বিচিত্র এই সমাজ, হারিয়েছে লজ্জা লাজ।

চির পুরাতন এই ব্যবসা, মানুষের বিবেক ঝাপসা।

পুরুষতন্ত্রের এক ডিক্রি, নারী চলছে করা বিক্রি।

নেই কিছুই যুক্তিতে, ক্রয় বিনিময় মুখের চুক্তিতে।


আছে বারো হাত শাড়ি, তবু অসহায় আজ নারী।

পূজিত নারী নানান রূপে, হয় বিক্রি নীতির বিদ্রূপে।

আছে তাদেরও গৃহে কন্যা, যারা বইয়েছে অশ্রু বন্যা।

কুড়িয়েছে অভিশাপ ছিল যত, কুৎসিত চরিত্র অবিনত।


কি বিচিত্র এই দেশ, চলছে সবাই গন্তব্যের দিকে বেশ।

চিরতরে নয় কোনো রাজ্য, কত বেহিসেবি নিয়ম ধার্য্য। 

আজ যা যুদ্ধে হলো খরচা, হবে শুধু দু'দিনের মাত্র চর্চা।

নিয়ম - নীতি - ন্যায় - মূল্য, এই জমানায় সবই ঠাট্টাতুল্য।


কি হবে করে প্রতিবাদ, যখন চারিপাশে চাপা আর্তনাদ?

বিচার পায়নি নিষ্পাপ যত, অন্যায়ের পাল্লা'র ভারী তত।

অগুনতি মুখ করা হয়েছে বন্ধ, রক্ষকের শ্বাসে পচা গন্ধ। 

করুন কান্না স্মশানে কবরে, অতৃপ্ত আত্মারা পাপের শহরে।


আছে মেরুদন্ড তবে ব্যবহার নেই, সীতা রয় বন্দি লঙ্কাতেই।

হয় বোবা বিচারের সুর, দ্রৌপদীর পরিচয় আজো হস্তিনাপুর। 

দুর্বলের বিচারের স্বল্প আশা, লেখনে তাই ওদেরই ভাষা। 

সোচ্চার প্রতিবাদ উঠবে যবে, লেখন সেদিনই সার্থক হবে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment