Tuesday, March 3, 2026

ভিন্ন দোলযাত্রা

বসন্তের হাওয়ায় এবার, নাইবা দোলা লাগলো,

হারানোর রঙে এবার, নাইবা হৃদয় রাঙলো।

চারিপাশে খেলছে হোলি, উল্লাসে জনে জনে,

পুরোনো রঙ জমাট বাঁধা, আজো মনের কোনে। 


গাঢ় লাল রঙ লাগলে দেহে, রয়ে যায় হয়ে ফিকে,

তাদের ভয় যারা, কথার রঙ বদলায় সব দিকে!

অগ্নিশিক্ষা সম পাপড়ি, পলাশের স্বয়ং পরিচয়,

কেমনে যাবে চেনা, যাদের মুখোশ খুলতে ভয়?


জীবনে কখনো হয়, ঘৃণ্য কুৎসা রাঙানো খেলা,

মন কে আঁচড়ে তবুও যে, আঘাত যায়না ফেলা।

বাৎসরিক এক পাপের নাশ, শুভ হোলিকা দহনে,

অসহায় পূর্ণিমার চাঁদ, তমসায় ঢাকলে গ্রহণে। 


সঙ সেজে ভাবি, নিজেকে বাকিদের মত রাখি,

খোলা ফেলে খাঁচা, উড়ে গেছে সেই কালো পাখি। 

অভ্যস্ত আঁধারে আমি, স্মৃতির ঘর রেখেছি বন্ধ,

সততার আবির নেই বাজারে, সবটাই মেকির গন্ধ।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬ 


No comments:

Post a Comment