Wednesday, March 25, 2026

আলাদা চিন্তা - sbmt

অনেকটা ধৈর্য রেখেছিলাম এতটা পথ চলাতে।

বদলেছি দিক গন্তব্যের, কাছের মানুষ বলাতে।

বলেছে ওটা সঠিক, চলেনি এই পথে যারা নিজে,

অসন্তোষের কালো শিশিরে, মন গিয়েছিল ভিজে।


দীর্ঘ তমসার প্রহরে, ঘুম এড়িয়ে চলছে এই বাসাতে,

শুধু পায়চারি করে স্বপ্নগুলো, স্থায়ী ঘরের আশাতে।

এমন নয় সে চেয়েছিল, ভালোবাসায় বেঁধে রাখতে,

আমিই ছিলাম যে চেয়েছে, এই কারাগারে থাকতে।


হাতের রেখাগুলোর, কি দোষ দেওয়া যেতে পারে -

মানুষই যখন বদলে যাচ্ছে, নিজ সময়ের ধারে?

জীবনের ক্যানভাসে রঙ করেছি গণ্ডির বাইরে,

অজান্তেই কিছু রঙ ছিটে পড়েছে মম অন্তরে।


কঠোর ঝড়ো বৃষ্টি, চোখের জল লুকোতে পারেনি,

জানবে কি করে, যারা এই বৃষ্টিতে এখনো ভেজেনি।

জীবনে’র শ্মশানে ছড়ানো বহু স্মৃতির উত্তপ্ত ছাই,

ছেড়েছে অসময়ে যারা, আজ তাদেরই এখানে পাই।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment