একলা হরিণ কাঁদে তাঁর মনের জঙ্গলে,
জড়িয়ে রয়েছে আজো অতীতের জঞ্জালে।
ফেলে আসা পাহাড় হারিয়েছে নিজের পথ,
অবিশ্বাসের কুয়াশায় ছেড়ে গেছে তার সথ।
এই জীবন অরণ্যে তমসা তমসিনী রাত্রি,
মৃগের ওই সরল মন হারিয়ে ভরসার যাত্রী।
আস্থার সান্নিধ্যে কখনো কিছু নেকড়ে জুটে,
সরল মনের হরিণকে নিয়েছে বারংবার লুটে।
মাংসাশী শিকারী এসেছে নিয়ে পরিচিত রূপ,
নিঃশব্দে চিৎকার করে মন, দেহ রয়েছে চুপ।
নিত্যদিন নতুন জখম পাওয়া, ক্ষুদ্র ভগ্নাংশে,
মন চায়নি কেউ, শুধু আঁচড় পড়েছে মাংসে।
রেশমী চামড়ায় সুযোগ ভোগীদের পুরনো দাগ,
তাও সে হরিণ ছাড়েনি নিজ সম্মানের ভাগ।
আঘাত হেনেছে বিশ্বাসে, মন হয়েছে ক্ষত,
আত্মসম্মানের রক্তিম শিং আজও আছে অক্ষত।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment