Friday, March 20, 2026

খুচরো ভালবাসা - sbmt

খুঁজেছি আমি, পাইনি সেই বাজারের খোঁজ,

যেখানে খুচরো ভালবাসা, কেনা যায় রোজ।

সঞ্চয় ভেঙে প্রতিদিন, অল্প করে কেনা হবে,

মনে’র প্রাসাদে একটি ঘর, আলো হয়ে রবে।


করবো না দরাদরি, আমি রোজ সঠিক মূল্য দেব,

আমি রিক্ত বুকের ক্রেতা, স্নেহে ভরাট করে নেব।

মনে বেঁধে আশা, রোজ নিরাশায় ফিরি বারবার,

ভালবাসা বিক্রি হয়, তবে দোকানে মেলা ভার।


একটি প্রস্তাব, আজ হৃদয়ের বাজারে চলছে,

বহু মূল্য দিয়ে, অল্প ভালবাসা কিনতে বলছে।

ভালো না লাগলে ফেরত, লিখিত শর্তে এমন,

ফেরত হবেনা তোমারি রঙে, রাঙানো আমার মন।


অমুল্য ছিল যা জীবনে, আজ তার মূল্য ধার্য হয়,

চাই ভালবাসা? কিনতে হবে, নতুবা মালিকানা নয়!

প্রতিবার হতাশায়, শূন্য হাতে ফিরেছি নিজ বাড়ি,

ভাগ্যের কাছে হেরে মন, ভালবাসা দিয়েছে আড়ি।


হয়েছিলাম রাজি, ভালবাসা সর্বস্ব দিয়ে কিনতে,

জীবনের এই জুয়া খেলে, পেরেছি মানুষ চিনতে।

বাজার আজও একই চলছে, শুধু নির্দিষ্ট পণ্য নেই,

জীবনের দুপুর থেকে সন্ধ্যা, গড়িয়ে গেল সেই।


আমি সর্বত্র নিয়েছি খবর, এই পণ্য মেলে না আর,

বাজার থেকে উধাও হয়েছে এহেন লুপ্ত সম্ভার।

পাবো না জেনেই হয়ত, চেপেছে যুধিষ্ঠির সম নেশা,

নিঃশেষ করে যদি পাওয়া যায় একটু ভালবাসা!



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment