Thursday, March 26, 2026

অচেনা

ইচ্ছে করে মাঝে মধ্যে ট্রেন থেকে গন্তব্যের পূর্বে -

নেমে পড়ি, এক অচিন স্থানে যেখানে আমার -

হয়তো সারা জীবনে পা রাখার কথা নয়। 

সবাই নিজের জীবন যাত্রায় রবে ধাবমান, কেউই -

আমার দিকে কৌতূহলী নজর নিক্ষেপ করবে না!

থাকবো সর্বজনের আগ্রহের বৃত্তের পরিধির বাইরে।


ইচ্ছে করে মাঝে মধ্যে কোনো আগন্তুকের নিকটে -

এগিয়ে জিজ্ঞেস করি, ওনার পরিবার কেমন আছে।

কি করেন তিনি তার পরিবার ও কুয়াশা সম স্বপ্নকে -

বাঁচিয়ে রাখার জন্যে। মনে হয়, তাকে বলি, একটু -

বসুন, একদিন সংগ্রাম না করলে খুব একটা তফাৎ -

সাধারণ প্রাণীদের জীবনে আসে না; কাল না হয় -

দ্বিগুন উদ্দমে লড়াই শুরু করা যাবে!


ইচ্ছে করে মাঝে মধ্যে রোজকার সংগ্রামের -

দুটি বিন্দু'র সংযোগকারী রেখা'র মাঝে হারাই।

কিছু অবাস্তব, অপ্রয়োজনীয়, অপাংতেয় -

ব্যাপারগুলো কে প্রাধান্য দিলে কেমন হবে -

এই নিরাশ জীবনে সেটা দেখার খুব ইচ্ছে। 


জনসমুদ্রের মাঝে থেকেও কারোর কৌতূহলের -

জল বিন্দু পারবে না আমার মন কে সিক্ত করতে।

সেই শুষ্ক মনের মালিকানা নিয়ে হেটে চলবো -

খরার সম চির ধরা, ধুলো মাখা পথে - একাকী!



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment