ঝিরিঝিরি এলো জলবিন্দু, তুমি এলে যেই ক্ষণে।
হালকা ঠান্ডা, শুষ্ক হাওয়া বইছিলো যে চারিধারে,
ভালোবাসার আর্দ্রতায় ভরালে, এসে আমার ঘরে।
অনন্ত পশ্চিম আকাশে, ছিল জমাট মেঘে ভরানো,
দ্বিধায় ফেলেছিল, তোমার খোলা চুলে দাঁড়ানো।
বহুবার আগে এসেছো, ঘুরে গেছ এখান থেকে -
ফিরে যেতে তখন শুধু, একটু চোখের দেখা দেখে।
শিয়রে বন্দি কেশ, তুমি মেলে ধরলে ঝর্ণা ধারায়,
দেখেছ মনের মেঘ, কেমন নিজের মনেতে হারায়?
একগুচ্ছ আকাঙ্ক্ষারা, নিজের মতনই উঠল ফুটে,
ফুলের থেকে সুবাস যেন, মনের ভ্রমর নিলো লুটে।
অসাড় যখন মন, আমি তোমার আঁখির কথা শুনি,
নিষ্পলক চাউনিতে লেখা হাজার কবিতা জানি!
ভাঙতে দেখেছি মেঘ, দেহের জড়তা ভাঙে যেমন,
আকাঙ্ক্ষার উষ্ণ বর্ষা, ইচ্ছের বাঁধন ভাঙে তখন।
অলিখিত বাসনার হ্রাসি, মনের ফুলদানি ভরে দেয়,
বৈশাখের প্রথম বৃষ্টিতে, যেন নতুন গল্প লেখা হয়।
তৃপ্ত আকাশ সাক্ষী ছিল নিজ মেঘকে উজাড় করে,
নতুন চলার সূচনা হলো একে অপরের হাতটি ধরে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment