কম্পিউটারের আধিপত্য বিস্তার মানুষের জীবনে।
অনেকটা সত্যি কিন্তু সম্পূর্ণভাবে মনের ভাব -
বুঝতে পারা, সেটা কখনো সম্ভব হয়নি, হবেও না।
কৃত্রিম বুদ্ধিমত্তা, সংজ্ঞা হিসেবে কৃত্রিমই থাকবে।
পারবে কি সেই সফটওয়্যার, এক মায়ের মনের -
মধ্যে বাস করা ইচ্ছেগুলো ক্রমিকভাবে জানাতে?
‘আমার ক্ষিদে নেই বাবা, এটা তোর জন্যে রাখা’।
এই উক্তির সত্যতা যাচাই করতে পারবে?
না, তা পারবে না!
পারবে কি সেই হার্ডওয়্যার, এক পিতার সংসার -
ধর্ম পালনে নিজের, সখ বিসর্জনের হিসেব করতে?
‘আমার শার্ট আছে, বরং মেয়েকে পুজোয়, ওর -
পছন্দের জুতোজোড়া কিনে দাও’। এই উক্তির,
গভীরতা যাচাই করা যাবে? না, তা যাবে না!
বিপদের সময়ে, কোনো ব্যক্তির পাশে তৎক্ষণাৎ -
হাসিমুখে এসে দাঁড়ানো বন্ধুর জীবনে হয়তো,
তাঁর থেকেও বড় ঝর চলছে। এই পরিস্থিতির -
সত্য দৃশ্য মেলে ধরতে পারবে? না, তা পারবে না!
ভালোবাসায় রাগ অনুরাগের পালায়, প্রেয়সীর -
নীরব থেকে করা প্রশ্নের উত্তর পারবে কি জানতে?
এক ফোঁটা অশ্রু না ফেলেও অন্তরে অভিমানের -
সমুদ্রে ওঠে সুনামির ঢেউ। এই বুকে বয়ে নেওয়া -
ভালোলাগার যন্ত্রণা কি বুঝবে যান্ত্রিক কৃত্রিমতা?
না, তা বুঝবে না!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment