Tuesday, April 7, 2026

ইচ্ছে হয় - ৪/৫

ইচ্ছে হয় মাঝে মধ্যে মনে’র হিসেবের খাতা খুলি,

তবে সেটা শুধু ঋণ ও ধারের হিসেব শুধু নয়।

অপূর্ণ ইচ্ছের হিসেবের ওজন কোন দিকে বেশি?

ছোট ইচ্ছেগুলোকে একক ভাবে দেখলে হয়তো,

তার মূল্য ধার্য করা বেমানান, যেমন আজকাল -

মানি ব্যাগে এক-টাকা বা দু-টাকা থাকলে হয়।

জমানো আশা’র ঘটি, জীবনের কঠিন মেঝেতে -

আছাড় দিয়ে চুরমার করলে, তখন ক্ষুদ্র স্বপ্নের -

সমষ্টিগত মূল্য, কিছু তো দামের আকার নেবে?

অনেক বছরের ছোট ছোট কষ্টগুলো যেমন -

চোখ কে শুকনো থাকতে দেয়, তেমনি ওদের -

জোয়ার উঠলে, উপচে পড়ে বাঁধ ভাঙ্গা বন্যা!


ইচ্ছে হয় মাঝে মধ্যে ইচ্ছেগুলোকে আপডেট করি,

শুধু নতুন মোড়ক মাত্র, প্রাচীন ইচ্ছে বদলানো নয়।

হয়তো ইচ্ছের বাহারি সাজ সজ্জায় আকৃষ্ট হবে -

অসন্তুষ্ট ভাগ্য, কারণ আজকাল চটকদারি বর্তমান!

জীবন হয়েছে গতিশীল সিঁড়ি, এস্ক্যালেটার, লিফট।

সবাই ইচ্ছেপ্রাপ্তির গতি তীব্রতর করার চেষ্টায়।

আকাঙ্ক্ষার আসমান ধরতে মানুষের তাগিদ -

এখন রকেটের ন্যায় ঊর্ধ্বমুখী। ছুটছে সমাজ -

হাউইবাজির মতো, সখ আহ্লাদ পেছনপানে রেখে-

অগ্নিদগ্ধ ভষ্ম উড়িয়ে চলে অভিলাশার মহাকাশে -

এক অন্ধকারাচ্ছন্ন শূন্যস্থানের অভিপ্রায়। বয়সের -

বিভিন্ন ধাপগুলো ইঁদুর দৌড়ে, রকেটের খণ্ডের -

মতো হারিয়ে যায় অতীতের ত্যাগের খাতায়। 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬

No comments:

Post a Comment