Thursday, May 28, 2026

অনিবার্য ভাঙন

একনাগাড়ে যখন জীবনে হয় মুষলধার বৃষ্টি, তখন

কষ্টের নিকাশি ব্যবস্থা ফলস্বরূপ অকেজো হয়।

দুঃখের ঢেউ এসে উপচে পড়ে, ভাসিয়ে নিয়ে যায়

খুব সাধারণ ইচ্ছে ও আকাঙ্ক্ষার গুছিয়ে রাখা

এক হ্রাস সাজানো স্বপ্ন মঞ্জরী; ভেঙে যায় সময়ের

চাপে সবকিছুই দায়িত্বের ভারে।


ছোট টুকরো টুকরো ইচ্ছেগুলো জোড়া লাগানোর

অবকাশ হয় না। মনের বানানো কাগজের নৌকো 

ভাসানোর সুযোগ আসার আগেই জীবন চলার 

স্রোত যায় কমে আর কখনো বা হয়ে ওঠে পার

ভাঙ্গা প্লাবনের উদ্বেল জোয়ার।


জীবনে বারংবার দুঃসময়ের ভূমিকম্প বা অন্য

অরাজকতা নিয়মিত দেখা দিয়ে গেলে, দ্বার বাইয়ে

চলা হয় পরিশ্রমের এক অজুহাত। কষ্ট হয়ে ওঠে

এক অভ্যাসে পরিণত। অনেকটা যন্ত্রণা যখন মন 

ও শরীর মেনে নেয় দীর্ঘমেয়াদী সময়ে তখন ব্যথার

মাত্রা হঠাৎ নিম্নগামী হলে আশ্চর্য হতে হয়।


ভাগ্যের ঢেউ অনেক সময় নিজের স্বাভাবিক রূপে

ফিরে আসে তখন দেখা যায় সেই মনের কাগজের

নৌকো চালানোর বয়সটা আর নেই। অনিবার্য সেই

অসময়ের ভাঙন শৈশবের বাক্সবন্দি ইচ্ছেগুলোকে

ভাসিয়ে নিয়ে যায়। আকাঙ্ক্ষার নৌকো নিয়ে মন 

ছুটে যায় হারানো শৈশবে।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment