Thursday, May 28, 2026

নিস্তব্ধতা

সারাদিনের যানজটের কোলাহল যখন থেমে যায়,

পৃথিবীর একটা ছোট্ট অংশ ঢলে পড়ে নিস্তব্ধতায়।

অন্য প্রান্তে চলতে থাকে কোলাহল। আরও একটু

দূরে, পশ্চিম প্রান্তের দিকে গোলকের এক অংশ

প্রস্তুতি নেয় কোলাহলের পুরোনো অধ্যায়কে

নতুনভাবে স্বাগত জানাতে।


দেহের অবসাদ বাষ্পের মতন উবে যেতে চায় কিন্তু

সেটা সীমিত রাত্রির পরিধির মাঝে নিজেকে মুক্ত

করতে হয় অক্ষম। মস্তিষ্ক আক্ষরিক অর্থে পায়না

কোনো পর্যাপ্ত মাপের বিশ্রাম। একটা সাময়িক

সন্ধ্যার যুদ্ধবিরতি শুনিয়ে দেয় আগাম সকালের 

জীবন যুদ্ধের শঙ্খধ্বনি।


রোজ ভোরবেলা, আলো ফোটার পূর্বের আকাশ

আমন্ত্রণ করে প্রতিটি নিদ্রাচ্ছন্ন প্রাণকে তার নিজ

নিস্তব্ধতার শান্তিতে মনকে বিলীন করতে।

দুঃখ এই যে, ক্লান্তির অপূর্ণ নিদ্রা এই নিস্তব্ধতার

অসীম আনন্দ থেকে বিরত রেখে দেয় চিরকাল।

জীবনযাত্রার ক্লান্তি, যান্ত্রিক জীবনশৈলি বাধ্য করে

অমুল্য কিছু অপরূপ মুহূর্ত থেকে বঞ্চিত হতে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment