Monday, November 10, 2025

পরিত্যক্ত ফল

অনেকের সাথে আমার জন্ম এক বাগানে -

প্রতিশ্রুত মিষ্টি এবং মনোরম রঙের।

বীজ থেকে অংকুর হয়ে পাপড়ি ছড়িয়ে, 

আমি প্রতিটি প্রত্যাশীর মতো একটি -

সাধারণ সুন্দর স্বপ্ন দেখেছিলাম। 


আমি বৃষ্টি, শিলা, রৌদ্র, খরা, ঝড়ের -

সাথে মুখোমুখি হয়েছি বহুবার। 

স্বপ্নের মতো ছিল এই অভিজ্ঞতা। 

ছিল সে অনেক মজার আমার বেড়ে ওঠা। 


ভাগ্যের বিদ্রুপে এলো এক নতুন বাঁক। 

আমার আত্মার পবিত্রতা, হয়তো আমার -

স্রষ্টার কাছে গ্রহণযোগ্য হয়নি এই জন্মে। 

ধরণীর বুকেই পেলাম শেষ ঠাঁই।

 

হলো ত্বক ক্ষতবিক্ষত, দেখলো না কেউ, 

শুনলো না আমার বিধাতা, আমার ঈশ্বর !

কান্নায় করেনি কর্ণপাত, দেহের জ্বালা, কেউ -

দেখতে চায়নি, স্বীকৃতি হারালাম সেইমুহূর্তে। 


সমাজের অনেক অভূত প্রাণের মতনই -

আমি জায়গা পেলাম নোংরা বর্জনের স্থানে।

চোখের জলের অধিকার, প্রতিবাদের অধিকার -

এই অসম সমাজে সবার জন্যে নয় ।


প্রসেনজিৎ দাস©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment