Wednesday, December 10, 2025

ফাঁপা কথা - submitted

একটি মৃদু স্পর্শ, কানের কাছে হালকা নিশ্বাস -
লাঘব কণ্ঠে প্রতিশ্রুতি, সৃষ্টি অটুট বিশ্বাস। 
রবির উজ্জ্বলতা সকালের স্নিগ্ধ শিশিরে -
চন্দ্রিমার হয় না তুলনা ঘনঘোর তিমিরে। 

জন্মেছিলো আশা এক নবজাতকের ন্যায় -
কথা রাখার কথা ছিল, দুজনেরই দায়।
বাস করতো দুটি প্রাণ, স্বপ্নের আকাঙ্খিত ঘরে -  
অবিশ্বাস জন্ম নিয়েছিল, মিথ্যে কথার পরে। 

তুমি যে মেঘ ছিলে, এক মরীচিকার ন্যায় - 
যতই গিয়েছি কাছে, সে ততই দূরে যায়। 
জলের বিন্দু বিন্দু মিলে তারই মেঘ হওয়া -
রূপ বদলে আবার বৃষ্টি হয়ে ঝরে যাওয়া। 

মন ছিল উপত্যকা ভরা চির সবুজে -
হৃদয় আজ মরু হলো, শূন্যতার সাজে। 
প্রতিশ্রুত ভূমিতে ভবিষ্যৎ আঁকা ছিল - 
উত্তাল হাওয়ায় ধূসর মেঘ উড়ে গেল। 

প্রাসাদ পড়ল ভেঙে, পরাজিতের হলো জয় -
মানুষ চিনেছি আমি, বিশ্বাসের হলো ক্ষয়। 
সূর্য আজও জ্বলে, পাখিরাও আছে আপন সুরে -
অ্যালবামে আছে ছবি, তবে তুমি আছো বহু দূরে। 
 

No comments:

Post a Comment