Monday, January 12, 2026

সাময়িক যাত্রা - sbmt

উৎস সবারই ধূলোকনায়, ক্ষণিকের জন্যে আসা, 

ফিরবো সেই শূন্যতে, ফেলে অপার ভালবাসা।


আদরে ও সযত্নে রাখা, যখন চিতায় উঠবে দেহ -

থাকবে চুপ কিছুজন, বুকফেটে কাঁদবে কেহ।  


সারা জীবনের সব চাওয়া পাওয়া উবে যাবে শূন্যে -

ভাবি কিসের এতো কোলাহল? দম্ভ কিসের জন্যে? 


'ছিল না' থেকে 'থাকবে না', এক নিছক যাত্রা করা -

মায়াকে আগলে রেখে, মানুষের মিছেই কেঁদে মরা। 


জীবনকালের পুঁজি যত, এই ধরাতে থাকবে পড়ে -

মরীচিকার এই মায়াজাল, ছিল সর্বদাই বহু দূরে।  


'এটা আমার', 'ওটা আমার', এমনি মেয়াদ পার হবো।

ধরণী ছেড়ে, চোখ বুজে সব এখানেই ফেলে যাবো। 


মায়াবিনী এই পৃথিবীতে জড়িয়ে মায়ার জাল যতো -

বিদায়বেলায় অসাড় শরীরে, থাকে কষ্ট শত শত। 


'ইচ্ছে ছিল' থেকে 'হলো না' কিছু স্বপ্ন রয়ে যাবে -

শেষ ডাক এলে, কালের সাথেই চলে যেতে হবে ।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment