Tuesday, September 16, 2025

আশা - submitted

ছেঁড়া কাপড়, খালি হাত, কিছুই নেই তাঁর - 

করে না কেউ কর্ণপাত, কেমন এ বিচার?

গৃহ নেই, স্নেহ নেই, হয় জীবন সাগর পার -

নেই কোনো আশ্রয় তাও ভাগ্গ্যে তিরস্কার ।


পথের পাশে পরে থেকে দিন গড়িয়ে চলে -

কাঁপা ঠোঁট, জোড়া হাত, শুধুই তাকিয়ে বলে -

সময় তাঁর ভালো নয়, তাও সে আছে ভালো -

মানুষের মনুষত্ব জানে না কোথায় গেলো !

 

খালি পেট, ক্লান্ত দেহ, প্রশ্ন ঘিরে মন -

ঈশ্বর কি আছে, মনে হয় সারাক্ষণ ।

কি দিন, কি রাত, সবই একাকার 

ক্ষুধা তৃষ্ণায় যেন আলো ও অন্ধকার ।   


শীর্ণ সমাজ, জীর্ণ সমাজ, কঙ্কাল হয়ে গেছে -

আত্মা, লজ্জা, বিবেক যেন ধুলায় পড়ে আছে। 

ধরণী ছাড়বে যখন, সবই যে পড়ে রবে -

দম্ভ, সম্পদ, সম্মান এতো কলরব কেন তবে ?


উদাসীন মন, সর্বক্ষণ দেখে না কেউ ওকে -

জ্যান্ত লাশ, দীর্ঘশাস আছে রাস্তার বাঁকে ।

আছে যত যার, দেখ তারই হাহাকার ঘটে  - 

নদীর জলে কি আর সাগরের তৃষ্ণা মেটে?


এদের নিয়ে ভাবে না কেউ, নেই কোন স্থান -

চোখের জলে আগুন জ্বলে, নেই যে অবসান । 

প্রভুর কাছে জানি সবাই সমান প্রাণ। 

হাত বাড়িয়ে হয় না কেন এদের পরিত্রাণ?


অবহেলার জ্বালা থেকে মুক্তি নেই কোনো -

চোখ খুলেই ঘুমিয়ে আছে এই সংসার যেন। 

ভাবে সে মনে মনে কোথায় তাঁর প্রভু -

শেষ বিদায়ের আগে মেলে যদি কভু। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment